Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আমিও রাজনীতির শিকার হয়েছি: অভিনেত্রী ইশা সাহা

অভিনেত্রী ইশা সাহা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ইশা সাহা। ছবি: সংগৃহীত

রাজনীতি মানেই স্লোগান, মিছিল বা বক্তৃতা এই চেনা ধারণার বাইরে গিয়ে ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে তুলে ধরতে চলেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা দুলাল দে। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘ফাঁদ’ এর মাধ্যমে সমাজ ও মানুষের জীবনে রাজনীতির সূক্ষ্ম প্রভাবকে ভিন্নভাবে দেখানোর প্রয়াস নিয়েছেন তিনি।

রোববার আনুষ্ঠানিকভাবে ‘ফাঁদ’ সিনেমার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। সেখানে জানা যায়, ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। অনুষ্ঠান শেষে বাংলা বিনোদনজগতের রাজনীতি ও রাজনৈতিক সিনেমা প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন তিনি।

ইশা সাহা বলেন, বাংলা সিনেমায় রাজনৈতিক গল্পনির্ভর ছবি তুলনামূলকভাবে কম। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,
‘আমার মনে হয়, রাজনৈতিক ছবি বাংলার দর্শকমনে খুব একটা গাঢ় ছাপ ফেলতে পারেনি। সে কারণেই হয়তো এই ধারার সিনেমা কম তৈরি হয়।’

সম্প্রতি পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের রাজনৈতিক কমেডি ‘একটু সরে বসুন’ এ অভিনয়ের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন ইশা। সেই অভিজ্ঞতা থেকেই তার এই উপলব্ধি বলে জানান তিনি। পাশাপাশি দুলাল দে পরিচালিত ‘ফাঁদ’ সিনেমাটি তার শৈশব ও কলেজজীবনের স্মৃতিও ফিরিয়ে দিয়েছে বলে জানান অভিনেত্রী।

আইনজীবী পেশা থেকে অভিনয়ে আসা ইশা সাহা বলেন, রাজনীতি শুধু সংসদ কিংবা ক্ষমতার কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি বলেন, ‘দুটি পেশা আলাদা হলেও রাজনীতি সর্বত্রই বিদ্যমান। রাজনীতি কোথায় নেই? সংসারে, বন্ধুত্বে, কর্মজীবনে সমাজের তৃণমূল স্তর থেকে শুরু করে একেবারে ওপর মহল পর্যন্ত রাজনীতি ছড়িয়ে আছে।’

তবে রাজনীতি ও রাজনৈতিক মহলের মধ্যে পার্থক্য রয়েছে বলেও মনে করেন তিনি। দুই পেশাতেই রাজনীতির প্রভাব রয়েছে স্বীকার করে ইশা বলেন,
‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার। আমিও রাজনীতির শিকার হয়েছি।’

যদিও বাংলা সিনেমায় রাজনৈতিক ছবি দর্শকমনে বড় দাগ কাটতে পারেনি, তবে বর্তমান সময়ে বাংলা বিনোদনজগতের অভ্যন্তরীণ রাজনীতি সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে বলে মত ইশার।

টালিউডের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাই-বোনের মধ্যেও তো রাজনীতি থাকে। যারা বলেন তাঁদের সংসারে এসব নেই, তারা মিথ্যা বলেন। আইনজীবী থাকাকালীন এসব আমি নিজের চোখে দেখেছি। টালিউডও এর বাইরে নয়। দিন দিন বিষয়টি বাড়ছে, যা কষ্ট দেয়। কিন্তু সমাধান হচ্ছে না। তবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আশা করি, টালিউডের সমস্যাগুলোও একদিন আলোচনার মাধ্যমেই মিটবে।’

দুলাল দে পরিচালিত ‘ফাঁদ’ সিনেমায় ইশা সাহার পাশাপাশি অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সায়ন ঘোষ, সুহত্র মুখোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্যসহ একঝাঁক অভিনয়শিল্পী।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়