Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

অভিনয়ে সাদিয়া আয়মানের ‘আলু’, গল্পের কেন্দ্রীয় চরিত্রে বিড়াল

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ এবং পোষা প্রাণীর প্রতি মমতার গল্প নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘মিউ’। নির্মাণ করেছেন আতিক জামান। আগামী ৪ মার্চ রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাবে চলচ্চিত্রটি।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি মূলত একটি পরিবারের গল্প। সম্পর্কের টানাপোড়েনের ভেতর পোষা প্রাণীর উপস্থিতি এখানে নতুন এক মানবিক প্রশ্ন তোলে, আমাদের ওপর নির্ভরশীল প্রাণীগুলোর প্রতি আমরা কতটা দায়বদ্ধ?

ফিল্মটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান, রাকিব হোসেন ইভন, ইশতিয়াক আহমেদ রুমেল ও আজিজুল হাকিম। গল্পে বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে আফসানা মিমি ও আজিজুল হাকিমকে।

আফসানা মিমি বলেন, “প্রতিটি পরিবারেই মা এক ধরনের রাজনৈতিক চরিত্র। কখনও বকা, কখনও ভালোবাসা, কখনও বঞ্চনা—সব মিলিয়েই পরিবার টিকে থাকে।” অন্যদিকে রাকিব হোসেন ইভন জানান, নিম্ন-মধ্যবিত্ত শহুরে পরিবারের বড় ছেলের দায়িত্ববোধ ও অসহায়ত্বের গল্পটি দর্শকের নিজের জীবনের সঙ্গেও মিল খুঁজে পাবে।

চলচ্চিত্রটির বিশেষ আকর্ষণ সাদিয়া আয়মানের বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’, যে ফিল্মে অভিনয়ও করেছে। সাদিয়া বলেন, “পোষা প্রাণীর অনুভূতি ও নির্ভরতার জায়গাটি এই গল্প দর্শকদের ভাবাবে।” ছোটবেলায় হারিয়ে যাওয়া নিজের বিড়াল ‘মিউ’-এর স্মৃতিও এ চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে আছে বলে জানান তিনি।

চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মো আলম ভূঁইয়া। নির্মাতা ও গল্পকার যৌথভাবে কাজটি সম্পন্ন করেছেন। নির্মাতার আশা, পারিবারিক আবেগ ও পোষা প্রাণীর প্রতি মমতার মিশেলে ‘মিউ’ দর্শকের মনে নরম এক দাগ কেটে যাবে।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়