Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৯ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ৯ মার্চ ২০২৬

বিবাহবিচ্ছেদের মামলার মধ্যেই আদালতের সমন পেলেন থলপতি বিজয়

দক্ষিণী অভিনেতা থলপতি বিজয়। ছবি: সংগৃহীত

দক্ষিণী অভিনেতা থলপতি বিজয়। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থলপতি বিজয় ব্যক্তিগত ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলার মধ্যেই এবার আবার আদালতের সমন পেয়েছেন এই তারকা।

সম্প্রতি অভিনেত্রী তৃষা কৃষ্ণন-এর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যেই প্রতারণার অভিযোগ এনে তার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। বিষয়টি নিয়ে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গন ও রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে।

এদিকে রাজনীতিতেও সক্রিয় হয়ে উঠেছেন বিজয়। তিনি নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) প্রতিষ্ঠা করেছেন এবং আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচন-এ অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এরই মধ্যে গত ২৭ সেপ্টেম্বর কারুর এলাকায় বিজয়ের ডাকা এক জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-কে।

তদন্তের অংশ হিসেবে ওই দিনের নিরাপত্তার দায়িত্বে থাকা নয়জন কর্মীকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার তদন্তের দ্বিতীয় ধাপে বিজয়কে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে সমন পাঠানো হয়েছে। যদিও এর আগে তিনি দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে গিয়ে হাজিরা দিয়েছেন।

তদন্তে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা পরে কেন জনসভায় উপস্থিত হন বিজয়, কেন ১০ হাজার মানুষের অনুমতি থাকা সত্ত্বেও সেখানে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয় এবং দলের কর্মীদের সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের সমন্বয় কেমন ছিল—এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সব মিলিয়ে ব্যক্তিগত জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড এবং আইনি জটিলতা—এই তিনের চাপে বর্তমানে একের পর এক বিতর্কের মুখে পড়ছেন দক্ষিণী এই সুপারস্টার।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়