Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ১৩ মার্চ ২০২৬

ঈদে দেশি কনটেন্টে জমজমাট ওটিটি

প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

গত কয়েক বছরে বাংলাদেশের বিনোদন জগতে ওটিটি প্ল্যাটফর্মের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে তরুণ দর্শকদের কাছে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম এখন বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। ঈদের ছুটিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘরে বসে নতুন কনটেন্ট দেখার প্রবণতাও ক্রমেই বাড়ছে। সেই সুযোগকে সামনে রেখে ঈদ উপলক্ষে নতুন নতুন কনটেন্ট প্রকাশের প্রতিযোগিতায় নেমেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম—হইচই, বঙ্গ, চরকি, দীপ্ত প্লে ও আইস্ক্রিন।

ঈদের সময় এখন আর শুধু টেলিভিশনের নাটকেই সীমাবদ্ধ নেই দর্শকের বিনোদন। ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মেরও যেন এক উৎসব শুরু হয় এ সময়ে। অ্যাকশন, থ্রিলার, মার্ডার মিস্ট্রি, রোমান্স কিংবা পারিবারিক গল্প—সব ধরনের দর্শকের জন্যই থাকছে ভিন্ন স্বাদের আয়োজন। নির্মাতারাও গল্পে নতুনত্ব আনার চেষ্টা করছেন, যাতে দর্শককে পুরো সময়জুড়ে টানটান উত্তেজনায় ধরে রাখা যায়।

চরকিতে ‘ক্যাকটাস’
নির্মাতা শিহাব শাহিনের সিরিজ মানেই রহস্য, সাসপেন্স ও মনোজগতের সূক্ষ্ম অনুভূতির মেলবন্ধন। এবারের ঈদে তিনি নির্মাণ করেছেন রহস্যঘেরা থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র মানসিভ, যেখানে অভিনয় করেছেন প্রীতম হাসান।

গল্পে মানসিভকে দেখা যাবে একজন দক্ষ হ্যাকার হিসেবে। টিজারে দেখা যায়, তিনি কারাগারে বন্দি থাকলেও সাইবার জগতে তার অসাধারণ দক্ষতা রয়েছে। এক পর্যায়ে রাষ্ট্রীয় সংকটের মুহূর্তে সরকারের সহায়তায় কারাগার থেকেই তাকে আবার হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়। তখন তার মেধাই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।

গত ৯ মার্চ চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় সিরিজটির অফিশিয়াল পোস্টার। সেখানে প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরীকে টানটান অ্যাকশন মুহূর্তে দেখা যায়। পোস্টারে মনে হয়, বিপদের মুখে থাকা অনূঢ়া চরিত্রের মেহজাবীনকে বাঁচানোর চেষ্টা করছেন মানসিভ। এই দৃশ্যই সিরিজটির রহস্য ও উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন দর্শকরা। ফলে ঈদের ওটিটি আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে ‘ক্যাকটাস’।

হইচইয়ে ‘একসাথে আলাদা’
সব সম্পর্ক সুখের গল্পে শেষ হয় না। কখনও একই ছাদের নিচে থেকেও দুই মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়। এমনই এক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে হইচইয়ের নতুন ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার। রেজাউর রহমান পরিচালিত রোমান্টিক-কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।

গল্পের কেন্দ্রে রয়েছে ফারহান ও আমিরা দম্পতি। তারা বুঝতে পারেন, একটি নিঃশেষিত সম্পর্কের মধ্যে আটকে পড়েছেন। ভালোবাসা কি এখনও আছে, নাকি আলাদা হয়ে যাওয়াই হবে মুক্তির পথ—এই প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে যায় গল্প। পারিবারিক প্রত্যাশা, সামাজিক চাপ এবং ব্যক্তিগত স্বাধীনতার টানাপোড়েনের মধ্য দিয়ে তারা বুঝতে চেষ্টা করেন সুখ আসলে কোথায়।

ওয়েব ফিল্মটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। এছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী ও দীপা খন্দকারসহ আরও অনেকে। ‘একসাথে আলাদা’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার। এক ঘণ্টা ব্যাপ্তির এই ওয়েব ফিল্মটি হইচইয়ে পরিচালক রেজাউর রহমানের প্রথম কাজ।

আইস্ক্রিনে ‘চক্র ২’
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘চক্র’-এর প্রথম মৌসুম দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তখনই ঘোষণা দেওয়া হয় দ্বিতীয় সিজন আসবে ওয়েব সিরিজ হিসেবে। প্রায় দুই বছরের অপেক্ষার পর এবার ঈদে আসছে ‘চক্র ২’।

এই সিরিজে আবারও ‘হুমায়ুন’ চরিত্রে দেখা যাবে অভিনেতা তৌসিফ মাহবুবকে। তবে এবার চরিত্রটির ভিন্ন কিছু দিক উঠে আসবে। প্রথম সিজনের শুটিংয়ের পর নিজেকে আরও পরিণত করেছেন তৌসিফ। তার মতে, আগের হুমায়ুন আর বর্তমান হুমায়ুনের পার্থক্য ফুটিয়ে তোলা ছিল বড় চ্যালেঞ্জ।

সম্প্রতি প্রকাশিত ফার্স্টলুকে দেখা যায়, রক্তমাখা শরীরে এক হাতে চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন তৌসিফ। ছবিটি দেখে অনেকেই মন্তব্য করেছিলেন, এটি যেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তবে অভিনেতা জানান, পুরো বিষয়টাই বাস্তব।

তিনি বলেন, চরিত্রটির ফিটনেস ধরে রাখতে তাকে কঠোর জিম ও ডায়েট অনুসরণ করতে হয়েছে। গত কয়েক বছরে অভিনয়ে যতটুকু উন্নতি করেছেন, তার সবটুকুই তিনি এই চরিত্রে ঢেলে দিয়েছেন।

বঙ্গতে ‘লাভ সিটার’
ঈদ উপলক্ষে বঙ্গ প্ল্যাটফর্মেও থাকছে সাত দিনের বিশেষ আয়োজন। এর মধ্যে অন্যতম নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব ফিকশন ‘লাভ সিটার’।

রোমান্টিক ঘরানার এই গল্পটি আবর্তিত হয়েছে একটি পোষা বিড়ালকে ঘিরে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই নির্মাতা দম্পতি। বঙ্গ অরিজিনাল প্রযোজনার এই সিনেমায় সাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল পলাশ।

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, সিনেমাটিতে পোষা প্রাণীর প্রতি মানুষের মমতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এটি ঈদের তৃতীয় দিনে প্রচার হবে। এছাড়া ঈদের দিন থাকছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৭৩ থেকে ৮০ পর্ব। ঈদের পরদিন প্রচার হবে ইরফান সাজ্জাদ অভিনীত সিনেমা ‘আলী’।

দীপ্ত প্লেতে মাইক্রোড্রামা
ঈদের আয়োজনকে ভিন্নমাত্রা দিতে দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রোড্রামা। মাইক্রোড্রামা হলো স্বল্পদৈর্ঘ্যের পর্বভিত্তিক ধারাবাহিক নাটক, যার প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়।

স্বল্প সময়ের মধ্যে দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত এবং আকস্মিক মোড় তুলে ধরাই এর মূল বৈশিষ্ট্য। মোবাইল ফোনে সহজে দেখার উপযোগী হওয়ায় এই ধরনের কনটেন্টের জনপ্রিয়তাও বাড়ছে।

দীপ্ত প্লের হেড অব ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম বলেন, “ডিজিটাল যুগে দর্শকদের কনটেন্ট দেখার অভ্যাস দ্রুত বদলে যাচ্ছে। বিশেষ করে মোবাইল-ফার্স্ট দর্শকদের মধ্যে স্বল্পদৈর্ঘ্যের গল্পভিত্তিক কনটেন্টের চাহিদা বাড়ছে। সেই পরিবর্তনকে সামনে রেখে আমরা ‘মাইক্রোড্রামা’ ফিচার চালু করছি।”

ঈদকে ঘিরে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর এমন নানা আয়োজন দর্শকদের জন্য ঘরে বসেই বিনোদনের এক নতুন জগত খুলে দিচ্ছে।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়