ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২১

অবশেষে দক্ষিণ আফ্রিকায় করোনার টিকাদান শুরু

টিকা নিচ্ছেন নার্স জোলিসওয়া গিদি-ডায়োসি

টিকা নিচ্ছেন নার্স জোলিসওয়া গিদি-ডায়োসি

অবশেষে দক্ষিণ আফ্রিকায় শুরু হলো করোনা টিকাদান কার্যক্রম। কেপটাউনের নার্স জোলিসওয়া গিদি-ডায়োসির শরীরে জনসন এন্ড জনসনের প্রথম করোনা টিকা প্রয়োগ করা হয়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) খায়লিতশা হাসপাতালে নার্স জোলিসওয়া গিদি-ডায়োসিকে টিকা দেয়া হয়।  এরপর একই হাসপাতালে রাষ্ট্রপতি সিরিল রামাফোসা এবং স্বাস্থ্যমন্ত্রী জুভেলি এমকিজেও টিকা নেন। 

টিকা নেয়ার পর গিদি-ডায়োসি বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু অনুভব করছি না, আমি এখনও ঠিক আছি।’

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্র থেকে ৮০ হাজার ডোজ টিকা দক্ষিণ আফ্রিকায় পৌঁছায়। আগামী চার সপ্তাহের মধ্যে আরও পাঁচ লাখ ডোজ টিকা পাবে দেশটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১৬ জন স্বাস্থ্যকর্মীকে প্রথম ধাপে টিকা দেয়া হবে। টিকা দেয়ার পর কিছুদিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকা জনসন অ্যান্ড জনসনের ৯ মিলিয়ন, কোভাক্সের ১২ মিলিয়ন এবং ফাইজারের কাছ থেকে ২০ মিলিয়ন ডোজ টিকা সংগ্রহ করবে।

এর আগে করোনার নতুন ধরনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা কাজ না করায় সেই টিকাদান স্থগিত রাখে দেশটি। জানা গেছে, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে নেয়া অক্সফোর্ডের ১০ লাখ ডোজ টিকা ফিরিয়ে দিতে চায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের টিকা পৌঁছানোর পর প্রায় ১০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু দুই হাজার মানুষের উপর গবেষণা চালিয়ে সেই কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবার সেই টিকা ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়