ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ৩১ আগস্ট ২০২১
আপডেট: ১০:৪৪, ৩১ আগস্ট ২০২১

পিলার নয়, এবার পদ্মাসেতুর স্প্যানে ফেরির ধাক্কা

এবার পদ্মা সেতুর দুই পিলারের মাঝামাঝি স্প্যানে ধাক্কা দিয়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এর আগে গত ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছিল ফেরিটি।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। সকাল সাতটার কিছু আগে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের স্প্যানে ধাক্কা দেয় ফেরিটি। এতে সেতুর ক্ষয়ক্ষতি না হলেও ভেঙে গেছে ফেরির মাস্তল। ধাক্কা দেওয়ার ঘটনায় ফেরিতে থাকা কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তিনবার সেতুর বিভিন্ন খুঁটিতে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছিল। তবে এবার প্রথমবারের মতো স্প্যানে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটলো।

গত ২৩ জুলাই সকালে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহজালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। ৯ আগস্ট সন্ধ্যায় সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ২০ যাত্রী আহত হন। এর চার দিন পর ১৩ আগস্ট ফেরি কাকলি ধাক্কা দিয়েছিল সেতুর ১০ নং পিলারে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়