ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২২, ৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৫৯, ৪ সেপ্টেম্বর ২০২১

চলতি মাসের পর ডেঙ্গুর প্রকোপ কমতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম

চলতি মাসের শেষের দিক থেকে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মন্ত্রী শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নানামুখী উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ফলে সেপ্টেম্বর মাসের পর থেকে আমাদের দেশে এডিস মশা এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

মশা নিধনে সরকার শুধু সিজন আসলেই কাজ শুরু করে এমন অভিযোগ নাকচ করে মো. তাজুল ইসলাম বলেন, মশার প্রকোপ বাড়লেই শুধু নিধন শুরু হয় এটি ঠিক নয়। সরকার সারা বছর ধরেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করে থাকে।

‘জানুয়ারি থেকে ডিসেম্বর, মশা নিধন বছর ভর’ এই নীতি অনুসরণ করে মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কাজ চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতি মাসেই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে সভা করে স্ব স্ব দায়িত্ব বণ্টন করে দেয়া হয়। এর পর সবাই অর্পিত দায়িত্ব পালন করেন। এ ব্যাপারে কারো অবহেলা করার সুযোগ নেই।

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার থেকে কেউ যদি সহযোগিতার জন্য আবেদন করেন তাহলে সেটি অবশ্যই বিবেচনায় নেয়া হবে।

মশক নিধন এবং পরিচ্ছন্নকর্মীরা নিয়মিত হাজিরা না দিয়ে অর্থ উত্তোলন করছেন প্রশ্নের উত্তরে মো. তাজুল ইসলাম বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নকর্মীদের কার্যক্রম মনিটরিং করার জন্য সুপারভাইজার বা পরিদর্শক অথবা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকেনিয়োগ করার জন্য সিটি করপোরেশনকে বলা হয়েছে এবং তারা তা করছে। কেউ যদি এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিতর্কে অংশগ্রহণকারী বিজয়ীদলের মাঝে ট্রফি ও সনদ প্রদান করেন মন্ত্রী।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ