ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২, ৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:২৮, ৪ সেপ্টেম্বর ২০২১

দেশে ডেঙ্গুতে অর্ধশতাধিক মৃত্যু

ডেঙ্গু রোগী

ডেঙ্গু রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে দুইজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ফলে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ সেপ্টেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ২৩২ জন। আর বাকিরা ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৭৩ জনে। এরমধ্যে ঢাকাতেই আছে এক হাজার ১৩৭ জন এবং বাকি ১৩৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৪ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১১ হাজার ৫০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ১৭৪ জন রোগী।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, বছরের প্রথম সাত মাসে ১২ জনের মৃত্যু হলেও পরের এক মাসেই (আগস্ট) ৩৩ জনের মৃত্যু হয়। এমনকি সেপ্টেম্বরের প্রথম চার দিনেই পাঁচ জনের মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সবমিলিয়ে ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৫১ জনের মৃত্যু হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ