ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৪, ১৯ অক্টোবর ২০২১

দেশে এলো করোনার আরও ২০ লাখ ডোজ টিকা

দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে। সোমবার (১৮ অক্টোবর) রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ও রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১১টায় সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এদিকে দেশে পর্যাপ্ত টিকা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এক আলোচনা সভায় তিনি বলেন, টিকার অভাব নেই। ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে। নভেম্বর থেকে প্রতি মাসে তিন কোটি করে টিকা দেওয়া হবে।

ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে করোনার টিকা নিবন্ধনকারী সংখ্যা সাড়ে পাঁচ কোটি ছাড়িয়েছে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৫ জন ও পাসপোর্টের মাধ্যমে সাত লাখ ৭৭ হাজার ৪৬১ জন নিবন্ধন করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়