ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২২

মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ-লিয়াকত কাশিমপুর কারাগারে

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয়েছে। 

বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।   

তিনি বলেন, প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে কাশিমপুর কারাগারে আনা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে বিস্তারিত জানানো হবে। 

আরও পড়ুন- সিনহা হত্যা : প্রদীপ-লিয়াকতের ডেথ রেফারেন্স হাইকোর্টে

কারাগারের একটি সূত্র জানায়, প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি পার্ট-৪ এ রাখা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে রাত সাড়ে ৮টার দিকে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। 

এর আগে গত ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির আদেশ দিয়েছেন। 

৫ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকে আজ গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হলো। 

এছাড়া এই হত্যা মামলার রায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৭ জনকে খালাস দিয়েছেন আদালত। 

আরও পড়ুন- সিনহা হত্যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড : আদালত

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত (৩০), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিটন মিয়া (৩০), ওসি প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা (৩০), কনস্টেবল সাগর দেব, স্থানীয় বাসিন্দা বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন (২২), মো. নিজাম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ আইয়াজ (৪৫)।

খালাসপ্রাপ্তরা হলেন- কনস্টেবল ছাফানুর করিম (২৫), মো. কামাল হোসাইন আজাদ (২৭), মো. আব্দুল্লাহ আল মামুন, এপিবিএনের এসআই মো. শাহজাহান আলী (৪৭), কনস্টেবল মো. রাজীব হোসেন (২৩), আবদুল্লাহ আল মাহমুদ (২০)।

আরও পড়ুন- সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক নিয়াকতের ফাঁসির রায়

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনার পাঁচ দিন পর ওই বছরের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ লিয়াকত আলীকে প্রধান আসামি এবং টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে দ্বিতীয় আসামি করে ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

বাউল পরিচয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ‘সেলিম ফকির’

হাজারো মহিষ ওঠে এই বাজারে

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়