ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ২০ জানুয়ারি ২০২১

বঙ্গবন্ধু সাফারি পার্কের শোভা বাড়ালো আফ্রিকান ভালুকের দুই বাচ্চা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের শোভা বাড়ালো আফ্রিকা থেকে আনা কালো ভালুকটির সদ্য প্রসব করা দুই বাচ্চা। 

আজ (বুধবার) বিকালে পার্কের কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানান। এ নিয়ে পার্কে ভালুকের সংখ্যা দাঁড়ালো ১৫টি। 

পার্কের তত্ত্বাবধায়ক ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, পার্কের ঝোপের ভেতরের গর্তে ভালুক দুটি বাচ্চা প্রসব করেছে। ছয় থেকে সাত মাস পর অন্যান্য ভালুকের সঙ্গে বাচ্চাগুলো মিশতে শুরু করবে। 

‘এ সময় মা-ভালুক হিংস্র হয়ে ওঠে, তাই কাছে যাওয়া যায় না। ফলে বাচ্চা দুটি পুরুষ না স্ত্রী তা এ মুহূর্তে নির্ণয় করা যায়নি। তবে বাচ্চা দুটি সুস্থ আছে। ভালুক সাধারণত একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করতে পারে। সম্ভবত জানুয়ারির প্রথম দিকে ভালুকটি এই বাচ্চা প্রসব করে থাকতে পারে। ভালুক বাইরে বের হলেও খাবার দেওয়ার সময় বাচ্চার সন্ধান পাওয়া যায়নি। আচার আচরণে পরিবর্তন দেখে বাচ্চা প্রসবের বিষয়টি প্রকাশ হয়।’

তিনি জানান, প্রসব পরবর্তী নিরাপত্তার জন্য পার্কের প্রাণিবেষ্টনীর কর্মকর্তারা মা ভালুকের খাবার সরবরাহ করছেন। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এ প্রাণীটি তৃতীয় বারের মতো বাচ্চা প্রসব করলো। এটি পার্কের আরেকটি সফলতা।

এই কর্মকর্তা আরো জানান, ২০১৩ সাল থেকে কয়েক দফায় দক্ষিণ আফ্রিকা থেকে একটি পশু আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এশীয় জাতের কালো ভালুক আনা হয়। সদ্য জন্ম নেওয়া বাচ্চাসহ পার্কে বর্তমানে ভালুকের সংখ্যা ১৫টি। এরা সাধারণত গর্ভধারণের আট মাস পর বাচ্চা প্রসব করে। ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে আবদ্ধ পরিবেশে ৩০ থেকে ৩৫ বছর বেঁচে থাকে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়