ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ২১ জানুয়ারি ২০২১

করোনা মহামারির বিপদেও পাশে দাঁড়িয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্কের কারণেই ২০ লাখ টিকা এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, আজ ঐতিহাসিক একটি দিন। ১৯৭১ সালে বাংলাদেশকে যেভাবে সহায়তা করেছিল, করোনা মহামারির এই বিপদেও তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। 

এই টিকা দেওয়ার মধ্য দিয়ে আমাদের দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হলো বলেও মন্তব্য করেন তিনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের কাছে প্রায় ২০ লাখ টিকা হস্তান্তর করেছে ভারত। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হয়।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতে চায়। ভারতে টিকা বিতরণের মাত্র চার দিনের মধ্যেই বাংলাদেশ টিকা পেয়েছে। দুই দেশ একযোগে করোনার বিরুদ্ধে লড়াই করবে।  

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ প্লেনে করোনা ভাইরাসের টিকা বৃহস্পতিবার সকালে ঢাকায় আসে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন দিলো ভারত।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়