ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪, ২৩ জানুয়ারি ২০২১

দেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু ২৭ জানুয়ারি

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

তিনি বলেন, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক নার্সকে দিয়ে এ ট্রায়াল শুরু হবে। এছাড়া ভ্যাকসিন ট্রায়াল কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (শনিবার) সকালে রাজধানীর শ্যামলী কিডনি ইনস্টিটিউট পরিদর্শন এসে এ তথ্য জানান তিনি। 

এর আগে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব আবদুল মানান জানিয়েছিলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম দিন ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে।

গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারতের উপহার করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের ২০ লাখ ডোজ বিমানের ১৬৭টি বক্সে করে দেশে পৌঁছে। বিমানবন্দর থেকে বক্সগুলো দুটি ফ্রিজার গাড়িতে করে নেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়্যার হাউজে। পরে এই ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া টিকা কার্যক্রমের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে- ফেব্রুয়ারি মাসে ৬০ লাখ মানুষ পাবেন করোনার টিকা। যা সারাদেশে একযোগে দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোয়। পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বিবেচনায় সরকারি হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র থাকবে না। টিকা পেতে আবেদন করতে হবে অ্যাপের মাধ্যমে। ‘সুরক্ষা’ নামের এই অ্যাপটি ২৫ জানুয়ারি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করবে আইসিটি বিভাগ।

১৮ বছরের নিচে দেশের ৩৭ ভাগ জনগোষ্ঠীসহ ৭ কোটি মানুষ ভ্যাকসিনের আওতার বাইরে থাকবে। এরপর ২৫ জানুয়ারি বেক্সিমকোর মাধ্যমে আরো ৫০ লাখ ডোজ আসার কথা রয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়