নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে সিরিয়া ফেরত নব্য জেএমবির এক জঙ্গি গ্রেপ্তার
ফাইল ছবি
রাজধানীর দারুসসালাম এলাকা থেকে সিরিয়া ফেরত আন্তজার্তিক জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত মিনহাজ হোসেন (৩৮) নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।
মিনহাজ সিরিয়ার আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন হায়াত তাহরীর আল শাম (এইচটিএস) এর সদস্য। বাংলাদেশে এসে নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ত হয়ে নাশকতার পরিকল্পনা করেছিল।
শনিবার ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি তাকে গ্রেপ্তার করে।
সিটিটিসির উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিনহাজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ওর সঙ্গে আর কাদের যোগাযোগ ছিল তা জানার চেষ্টা চলছে।
সিটিটিসি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে সিরিয়া থেকে তুরস্ক হয়ে একজন সিরিয়া ফেরত বাংলাদেশি নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। তিনি বাংলাদেশে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে কথিত খিলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সহিংস উগ্রবাদী জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নাশকতার পরিকল্পনা করছেন। তখন থেকেই তাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকার দারুস সালাম থানা এলাকার কোনাবাড়ি বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে মিনহাজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার মিনহাজ গত বছরের সেপ্টেম্বর মাসে সিরিয়া যাওয়ার উদ্দেশ্যে তুরস্কে যায়। তুরস্কে থাকাকালীন তিনি সন্ত্রাসী সংগঠন হায়াত তাহরীর আল শাম (এইচটিএস) এর সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি খুলনা গিয়ে আত্মগোপন করেন। তিনি নব্য জেএমবি সংগঠনের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে কথিত খিলাফত প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিটিটিসির একজন কর্মকর্তা জানান, তার সিরিয়া যাওয়ার গোয়েন্দা তথ্য থাকলেও সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরিয়ায় ঢুকতে পারেনি বলে জানায়।
জিজ্ঞাসাবাদে মিনহাজ জানায়, তিনি বংশানুক্রমে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে জম্মগ্রহণ করলেও কিশোর বয়সেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পাকিস্তানে চলে যান। সেখানেই তিনি বড় হন। পরবর্তীকালে পাকিস্তান থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। এর আগে ২০১৭ সালে তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। তুরস্ক ও সিরিয়া ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মালেশিয়া, ব্রুনেই, পাপুয়া নিউগিনিসহ একাধিক দেশ ভ্রমণ করেছেন।
সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম জানান, মিনহাজের বিরুদ্ধে দারুসসালাম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























