ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ২৬ জানুয়ারি ২০২১

করোনার টিকা নিতে দেশবাসীর প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম অনুযায়ী এর টিকা নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশবাসীর কাছে আহ্বান, আপনারা নিয়ম অনুযায়ী টিকা নেবেন। এতে আমাদের করোনা নিয়ন্ত্রণে সহায়ক হবে। করোনা প্রতিরোধ করতে সক্ষম হবো। পর্যায়ক্রমে বাংলাদেশ করোনামুক্ত হয়ে যাবে।

আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকাদানের প্রস্তুতি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢামেক হাসপাতালে এসে দেখলাম সুন্দর প্রস্তুতি আছে। প্রথমে যারা টিকা নিতে আসবেন তাদের জন্য আলাদা বসার জায়গাও রয়েছে। নারী-পুরুষদের জন্য আলাদা বুথ করা হয়েছে।

তিনি বলেন, টিকা নেওয়ার পর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তাদের জন্য অবজারভেশন এরিয়া আছে। তাদের অবজারভেশনে রাখা হবে। সেখানে চিকিৎসক-নার্স থাকবেন। তারা পর্যবেক্ষণ করবেন। যখন ভালো অনুভব করবেন তখন তারা চলে যাবেন। এভাবেই চলবে কার্যক্রম। 

‘এটা শুধু প্রথম দিনের কার্যক্রম না। দীর্ঘদিন টিকা কার্যক্রম চলবে। হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা চলছে, সেখানে ব্যঘাত ঘটবে না। এটা সম্পূর্ণ আলাদা জায়গা।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যেভাবে করোনা নিয়ন্ত্রণে এসেছে পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ অনেক ভালো আছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার কম। আমেরিকায় দু’দিনে আট হাজার মানুষ মারা যায়। আমাদের দেশে নয় মাসে আট হাজার মানুষ মারা গেছে।

তিনি বলেন, ভারত থেকে ২০ লাখ টিকা উপহার পেয়েছি। ৫০ লাখ ক্রয়কৃত টিকা চলে এসেছে। মোট ৭০ লাখ টিকা আমাদের কাছে আছে। যেটা ৩৫ লাখ মানুষকে দিতে পারবো। এ টিকা নিরাপদ। অন্য দেশের তুলনায় পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেকোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার জন্য চিকিৎসা ব্যবস্থাও রয়েছে।

এ সময় ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হকসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচালক বলেন, আগামী বুধবার সকালে সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ বি এম জামালসহ চারজনকে টিকা প্রয়োগ করবো। জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে চারটি বুথ থাকবে। এ সময় হাসপাতালের দুই-তিনজন চিকিৎসকসহ স্টাফ থাকবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়