ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ২৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:০৭, ২৭ জানুয়ারি ২০২১

ছিনতাইকারীদের আশ্রয়দাতা সেই মালাসহ গ্রেপ্তার ২৪

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীদের রক্ষক (আশ্রয়দাতা) কোহিনুর বেগম ওরফে মালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। ২৪ ঘণ্টার বিশেষ এ অভিযানে বিভিন্নস্থান থেকে চুরি-ডাকাতি ও ছিনতাইকারী দলের আরো ২৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আজ (বুধবার) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় ডিএমপির থানা পুলিশসহ গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ডিবির রমনা ও মতিঝিল বিভাগ গত ২৪ ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করে।

এরমধ্যে গােয়েন্দা রমনা বিভাগ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের আশ্রয়দাতা মালাসহ ৯ জনকে গ্রেপ্তার করে। গতকাল মুগদা থানার মানিকনগর এলাকার একটি বাসা থেকে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কোহিনুর বেগম ওরফে মালা (আশ্রয়দাতা),  রাসেল মাহমুদ, মাে. মাসুদ মিয়া, শামীম, মাে. আমিনুল ইসলাম হৃদয়, পারভেজ, শহিদুল, বাবু ওরফে ব্লেড বাবু ও মাে. জয় মিয়া। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি ও ২টি ছােরা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মালা জানায়, তিনি ও তার স্বামী দীর্ঘদিন যাবৎ ডাকাত দলের পৃষ্ঠপােষকতা করে আসছে। তারা ডাকাত দলের কোনো সদস্য কখনো গ্রেপ্তার হলে বা কোনো বিপদে পড়লে তাদের জামিন করার ব্যবস্থাসহ সবধরনের সহযােগিতা করে থাকে। তাদের এই সহযােগিতার জন্য তারা লুন্ঠিত মালামালের একটি বড় অংশের ভাগ নেয়। তাদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা করা হয়েছে।

এছাড়া রমনা বিভাগের অপর একটি টিম হাজারীবাগে বিশেষ অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ৯ সদস্যকে গ্রেপ্তার করে। তারা হলেন- মাে. মােজাম্মেল হােসেন ওরফপ মুজা, মাে. কালু, মাে. ইলিয়াস, মাে. আনােয়ার হােসেন, মাে. সুমন হােসেন, মাে. ইকবাল হােসেন, মাে. মিটন,  মাে. রবি আউয়াল ও মাে. হেলাল। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার ৫টি স্প্রে, ৪টি মােস্তফা গুল, ৮টি  মলম ও জিপারে ৩ প্যাকেট মরিচের গুড়া জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার অজ্ঞান পার্টির সদস্যরা জানায়, তারা ঢাকা শহরের বিভিন্ন মার্কেট/শপিংমল, বাসস্ট্যান্ড, সদরঘাট ও রেলস্টেশন এলাকায় আগত ব্যক্তিদের টার্গেট করে। টার্গেটকৃত ব্যক্তি যখন বাসে উঠে তখন তারা সুযােগ বুঝে কৌশলে বাস যাত্রীদের চোখে মুখে মলম বা স্প্রে প্রয়ােগ করে অজ্ঞান করে তাদের সঙ্গে থাকা সবকিছু নিয়ে যায়। তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম তেজগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ মােবাইল চোরাকারবারি দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩০টি চোরাই মােবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মাে. রবিন ওরফে নবী, মাে. ছাঈদ, মােছা. রুনা ওরফে রােজিনা, মনােয়ার, মাে. রুবেল মিয়া ওরফে হাসান ও আলামীন। 

এই বিষয়ে তেজগাঁও থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান মাহবুব আলম।

তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা সবাই পেশাদার ছিনতাইকারী দলের সদস্য।

এসব ছিনতাইকারী, ডাকাত ও চুরি দলের সদস্যদের পিছনে যারা কাজ করছেন এমন কয়েকজনের তথ্য আমরা পেয়েছি। তাদের অতি শিগগিরই গ্রেপ্তার করা হবে।

এছাড়া অপরাধ রোধে বিট পুলিশি কার্যক্রম জোরদার করার পাশাপাশি থানা পুলিশ ও গোয়েন্দা অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়