ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ২৭ জানুয়ারি ২০২১

সিভিল কোর্টস বিল পাস, বাড়ছে আর্থিক বিচারের পরিধি

ফাইল ছবি

ফাইল ছবি

বিচারিক আদালতের বিচারকদের দেওয়ানি মামলার ক্ষেত্রে আর্থিক বিচারিক এখতিয়ার বাড়িয়ে সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ পাস করেছে জাতীয় সংসদ। রাষ্ট্রপতির অনুমোদনের পর এ সংশোধন মূল আইনে অন্তর্ভুক্ত হবে।

এ বিল পাসের ফলে ৫ কোটি টাকার কম মূল্যের সম্পত্তি-সংক্রান্ত মামলায় যুগ্ম-জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা কার্যক্রম হাইকোর্টে বিচারাধীন থাকলে তা জেলা জজ আদালতে স্থানান্তর করা যাবে।

এতদিন একজন সহকারী জজ ২ লাখ টাকা পর্যন্ত মূল্যমানের সম্পত্তি-সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে পারবেন। এখন তা বাড়িয়ে ১৫ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে জ্যেষ্ঠ সহকারী জজের বিচারিক এখতিয়ার ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা এবং আপিল শুনানির ক্ষেত্রে জেলা জজের এখতিয়ার ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। 

আজ (বুধবার) সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শীতকালীন সংসদ অধিবেশন শুরু হলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদীয় কমিটির সুপারিশ করা বিলটি পাসের জন্য উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সেটি পাস হয়। 

গত ১৯ জানুয়ারি আইনমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করলে তা পরীক্ষা করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে স্পিকার বিলটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান।

এর আগে সরকার ২০১৬ সালেও টাকার অংকে বিচারিক এখতিয়ার একই পরিমাণ বাড়িয়ে আইন সংশোধন করেছিল। তবে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইনের গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেন। ফলে নতুন করে আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার।

এ সংক্রান্ত নতুন বিলে ২০১৬ সালের সংশোধন রহিত করে একটি ধারা সংযোজন করা হয়েছে। 

এদিকে আজ বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে সংসদে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রশাসনিক জটিলতাসহ বিচারপ্রার্থী জনগণের অসুবিধার কথা মাথায় রেখে সরকার আইনটি সংশোধন প্রয়োজন বলে মনে করছে।

এদিন বিল পাসের আগে স্পিকার জনমত যাচাইয়ের ওপর আলোচনার সুযোগ দিলে তাতে অংশ নিয়ে বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা বিলের বিরোধিতা করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়