ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ২৭ জানুয়ারি ২০২১

ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না জানতে চান হাইকোর্ট

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ (বুধবার) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

এর আগে ২০২০ সালের ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ চার জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মারধর ও হত্যাচেষ্টার মামলা করা হয়।  

পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান ক্রসিংয়ে নৌবাহিনীর এক কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো হাজি সেলিমের গাড়ি। এরপর নৌবাহিনীর ওই কর্মকর্তা তাদের অনুসরণ করে আরো কিছুদূর গিয়ে গাড়িটি থামান এবং নিজের পরিচয় দেন। এ সময় হাজী সেলিমের গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে এসে লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করে। একপর্যায়ে ওই কর্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে গাড়ি ফেলে মারধরকারীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

তবে ঘটনার সময় হাজী সেলিম গাড়িতে ছিলেন না। তার ছেলে ইরফান ও নিরাপত্তারক্ষীরা গাড়িতে ছিলেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকরাম আলী মিয়া জানিয়েছিলেন, ওই ঘটনায় মারধর ও হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। পরে ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় বিচারিক আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে ইরফান সেলিম হাইকোর্টে জামিন আবেদন করেন ।

গত ২৬ অক্টোবর মামলা দায়েরের পর র‌্যাব পুরান ঢাকায় চকবাজারের ২৬, দেবীদাস লেনে হাজী সেলিমের বাসায় অভিযান চালায়। র‌্যাব ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে হেফাজতে নেয়। বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের দু জনকে এক বছর করে কারাদণ্ড দেন। পরে মাদক ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে দুটি করে মোট চারটি মামলা দায়ের করে র‌্যাব।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়