ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ২৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:১০, ২৯ জানুয়ারি ২০২১

বিমসটেকের মাধ্যমে বঙ্গবন্ধুর আঞ্চলিক স্বপ্ন পূরণ চায় ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বঙ্গোপসাগরীয় উপকূলের দেশগুলোর জোট বিমসটেকের প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আঞ্চলিক সহযোগিতার স্বপ্ন পূরণ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমসটেকের নতুন সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলকে স্বাগত জানিয়ে তিনি এ কথা বলেছেন।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ডের একটি গ্রুপ। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে এই অঞ্চলের প্রতিবেশীদের সঙ্গে কাজ করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার জনগণের অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধির স্বপ্ন ব্যক্ত করেছিলেন। তখন থেকে আঞ্চলিক সহযোগিতা বাংলাদেশের সংবিধান ও পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের একটি অবিচ্ছেদ্য উপাদান হয়ে আছে।

মোমেন বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক আন্দোলনের হাতিয়ার হিসাবে বিমসটেক ফোরামের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যা ঢাকায় ফোরামের সচিবালয় স্থাপনে প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বিমসটেক সচিবালয়ের নতুন বহুতল আইকনিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়