ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৯, ২৯ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:০৪, ২৯ জানুয়ারি ২০২১

দেশের ৩৮ জেলায় পাঠানো হয়েছে করোনার ভ্যাকসিন

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের ৩৮টি জেলায় শুক্রবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকা পাঠানো হয়েছে। আগামী রোববারের মধ্যে দেশের বাকি জেলাগুলোতেও টিকা পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা। বাংলাদেশে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সিরাম ইন্সটিটিউটের উৎপাদিত করোনার টিকা বিতরণের একমাত্র প্রতিনিধি।

রাব্বুর রেজা বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য আনা ৫০ লাখ টিকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে রাখা আছে। এরই মধ্যে সেগুলোর ল্যাব টেস্টিং রিপোর্ট পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সারাদেশের জেলা শহরগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় টিকা পাঠানো হচ্ছে। এর জন্য বিশেষ ফ্রিজার ভ্যান ব্যবহার হচ্ছে। সেখান থেকে বিভিন্ন কেন্দ্রে টিকা পাঠাবে স্বাস্থ্যসেবা বিভাগ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বিভাগে ১২ লাখ ৬০ হাজার ডোজ (১০৫ বাক্স) টিকা গেছে। রাজশাহী বিভাগে গেছে ছয় লাখ ৭২ হাজার ডোজ (৫৬ বাক্স) টিকা। এর বাইরে রংপুর বিভাগে ছয় লাখ ডোজ (৫০ বাক্স) টিকা গেছে। ঢাকা ও খুলনা বিভাগ পাঁচ লাখ ৮৮ হাজার ডোজ (৪৯ বাক্স) করে টিকা পাচ্ছে। 

এদিকে সিলেটে ৩৭ বাক্সে চার লাখ ৪৪ হাজার ও বরিশালে ২৯ বাক্সে তিন লাখ ৪৮ হাজার ডোজ টিকা গেছে। সবচেয়ে কম ৩ লাখ ২৪ হাজার ডোজ (২৯ বাক্স) ভ্যাকসিন গেছে ময়মনসিংহে।

অন্যদিকে জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণ মাত্রা কম থাকায় বান্দরবন, খাগড়াছড়ি, মেহেরপুর ও ঝালকাঠি জেলায় ১২ হাজার ডোজ করে টিকা যাবে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, সারাদেশে পর্যায়ক্রমে পাঠানো টিকা জেলা ও উপজেলা পর্যায়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হবে। এরই মধ্যে টিকা প্রয়োগ বিষয়ে বিভিন্ন পর্যায়ে কমিটি করা হয়েছে।

তিনি আরো বলেন, সংক্রমণের মাত্রার হিসাবে ঢাকার পর চট্টগ্রামে বেশি পাওয়া গেছে। এই বিভাগে মৃত্যুহারও বেশি। তাই সবচেয়ে বেশি টিকা এই বিভাগে পাঠানো হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়