ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯, ১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২১

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস

ফাইল ছবি

ফাইল ছবি

আজ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগ এবং রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। আরও কয়েকদিন শীত থাকবে এবং শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে।

এছাড়াও আবহাওয়া অফিসের তথ্যে দেখা যায়, চট্টগ্রাম, চাঁদপুর, মাইজদীকোর্ট, কক্সবাজার, কুতুবদিয়া ও সিলেট - এই ছয়টি অঞ্চল বাদে পুরো দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মৌসুমে প্রথমবারের মতো আজ ঢাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

দেশে ব্যাপক আকারে শৈত্যপ্রবাহ দেখা দিলেও আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই ২৪ ঘণ্টার পরের ৩ দিনের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়