ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০, ১ ফেব্রুয়ারি ২০২১

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমে অর্ধেকে

ফাইল ছবি

ফাইল ছবি

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে অর্ধেক করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিবন্ধন ফি কমানোর প্রস্তাব সম্প্রতি অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

নতুন করে ফি নির্ধারণ করায় এখন থেকে ১০০ সিসি বা এর নিচের ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধনে খরচ হবে ২ হাজার টাকা। যা এতদিন ছিল ৪ হাজার ২০০ টাকা। আর ১০০ সিসির উপরের ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন ফি হবে ৩ হাজার টাকা। যা আগে ছিল ৫ হাজার ৬০০ টাকা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বাংলাদেশ জাপান যৌথ সরকারি বেসরকারি অর্থনৈতিক সংলাপ’ শীর্ষক বৈঠকে মোটরসাইকেলের নিবন্ধন ফি বাজারমূল্যের ১০ শতাংশের মধ্যে নির্ধারণের সিদ্ধান্ত হয়।

এর আগে ঢাকাস্থ জাপানি রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মোটরসাইকেল নিবন্ধন খরচ কমানোর প্রস্তাব করেন। বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। জাপানের অনুরোধ, দেশের গ্রাহকদের সুবিধা এবং সকল মোটরসাইকেল যাতে নিবন্ধনের আওতায় থাকে সেই চিন্তা থেকে ফি কমানোর প্রস্তাব করা হয়েছিল।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, করোনার কারণে চলাচল সীমিত থাকলেও গত বছর সারা দেশে ৩ লাখ ১১ হাজার ১৬টি মোটরসাইকেল নিবন্ধন নিয়েছেন গ্রাহকরা।  যেখানে ২০১৯ সালে নিবন্ধন নেয়া হয়েছে ৪ লাখ ১ হাজার ৪৫২টির।  ২০১৮ ও ২০১৭ সালে যথাক্রমে এই সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৫৪৫ ও ৩ লাখ ২৫ হাজার ৮৭৬টি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়