ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২১

চতুর্থ দফায় ভাসানচর যাচ্ছে আরও ৩৬০০ রোহিঙ্গা

ভাসানচর। ফাইল ছবি

ভাসানচর। ফাইল ছবি

চতুর্থ দফায় স্বেচ্ছায় অন্তত ৩ হাজার ৬০০ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে। রোববার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে ভাসানচরে যাবেন তারা।

জানা গেছে, রোববার (১৪ ফেব্রুয়ারি) উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রথমে ২ হাজার এবং পরের দিন সোমবার আরও ১ হাজার ৬০০ জন রোহিঙ্গাকে বিভিন্ন পরিবহনে চট্টগ্রাম পাঠানো হবে। সেখান থেকে তাদের নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে নেয়া হবে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি কার্লয়) উপসচিব মোহাম্মদ সামছুদ-দ্দৌজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪ ও ১৫ জানুয়ারি চতুর্থ দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে সাড়ে তিন হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের জন্য চট্টগ্রাম পাঠানো হবে। ইতিমধ্যে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে জড়ো করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে তিন দফায় কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৬ হাজার ৬৮৮ জন রোহিঙ্গাকে। এর মধ্যে গত ৪ ডিসেম্বর প্রথম দফায় স্থানান্তর করা হয় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার স্থানান্তর করা হয়েছে ৩ হাজার ২৪২ জনকে। ভাসানচরের আশ্রয়শিবিরে মোট ১ লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়