ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০২১

প্রত্যেকের সহজ চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

সংগৃহীত

সংগৃহীত

নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চের (কিমস কেয়ার) ভিত্তিপ্রস্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সহজ চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চ' সেন্টার চালু হলে মানুষ আরও ভালোভাবে ক্যানসারের চিকিৎসা পাবে। আমরা সব মানুষের সহজে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই।এজন্য বেসরকারি উদ্যোক্তাদেরও এই খাতে নজর দেয়ার আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ভালো থাকার জন্য। স্বাধীনতা পাওয়ার পর মানুষ ভাগ্যহারা থাকবে, এটা হতে পারে না। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা অনেক কিছুতেই পিছিয়ে পড়েছিলাম। ৭৫'র ট্রাজেডি পরবর্তী ২১ বছর যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতাকে ভোগের বস্তু বানিয়ে ফেলেছিল। নিজেদের স্বার্থ ও কল্যাণ ছাড়া মানুষের জন্য কিছু করেনি। আমরা এসে মানুষের সেবার জন্য সবই করেছি। সব জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিভাগে বিভাগে বিশ্ববিদ্যালয় করেছি। সময়োপযোগী আইন প্রণয়নে মনোনিবেশ করেছি৷

শেখ হাসিনা বলেন, আমি বেশ আনন্দিত যে, আজকে একটা ক্যানসার হাসপাতাল ও রিসার্চ সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে। তাও আবার নারায়ণগঞ্জ জেলা সদরে। আমরা গবেষণায় বেশি গুরুত্ব দেই। এজন্য চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, যাতে সেখানে রিসার্চ হয়।

টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনা মোকাবিলায় টিকা নিয়ে এসেছি। প্রথম দিকে এটা নিয়ে নানান ভীতি ও গুজব ছড়ানো হয়েছিল। এই কুমুদিনী হাসপাতালের একজন নার্স সবার আগে টিকা নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে। তারপর এখন সবাই নিচ্ছে।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা গণমাধ্যমকে জানিয়েছেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের অধীনে নারায়ণগঞ্জে ৩ লাখ ৪৬ হাজার ২৪২ বর্গফুট নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত হবে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চ (কিমস কেয়ার)।

চিকিৎসাবিদ্যা শিক্ষা,  চিকিৎসাসেবা প্রদান ও গবেষণার লক্ষ্যে নির্মিতব্য এই টারশিয়ারি ও বিশেষায়িত হাসপাতালে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো, ৩০০ শয্যার সাধারণ হাসপাতাল, ৫০ শয্যার ক্যানসার রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থা, এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য মেডিকেল কলেজ ও নার্সিং  ইনস্টিটিউট, মেডিকেল টেকনোলজি  ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র, ল্যাবরেটরি, লাইব্রেরি ও হোস্টেল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়