ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১

ময়নাতদন্ত শেষে লেখক মুশতাকের মরদেহ হস্তান্তর

সংগৃহীত

সংগৃহীত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মুশতাক আহমেদের মৃত্যুর খবর পেয়ে মর্গে তার আত্মীয়-স্বজন ও বন্ধুরা আসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার বেলা ১১টায় গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অসিউজ্জামান চৌধুরী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. সাফি মোহাইমেন লাশের ময়নাতদন্ত করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে মুশতাক আহমেদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।  স্বজনরা লাশ বুঝে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।  

শুক্রবার সকাল থেকেই হাসপাতালের সামনে অবস্থান করেন লেখক মুশতাকের কাছের বন্ধু এবং একই মামলার আসামি দিদারুল ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি, মুশতাক এবং কিশোর প্রথমে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ছিলাম। এরপর কাশিমপুর নিয়ে আসে। কাশিমপুর এসে আমাদের আলাদা করে রাখা হয়। যার কারণে আর বন্ধু মুশতাকের সঙ্গে দেখা হয়নি। এভাবে লাশ দেখতে হবে কখনো ভাবতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘এই দেশে কেউ স্বাধীন নয়। হয়তো মিডিয়ার সামনে কথা বললে আরেকটা মামলা খেয়ে যাবো। তাই আর বেশি কথা বলতে চাই না।’

দিদারুল ভূঁইয়া জানান, বাদ আসর মুশতাকের লাশ লালমাটিয়া মিনা মসজিদে নিয়ে যাওয়া হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন হবে।

এর আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মারা যান লেখক মুশতাক আহমেদ। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুশতাক আহমেদ। এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুশতাক আহমেদকে মৃত ঘোষণা করেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়