ঢাকা, শুক্রবার ০৩ জুলাই ২০২৬,   আষাঢ় ১৯ ১৪৩৩

প্রকাশিত: ১৫:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৫:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৯

তৃতীয় দিনে আফগানদের সংগ্রহ ২৩৭, পিছিয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: তৃতীয় দিনে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারী আফগানিস্তান সংগ্রহ করেছে ২৩৭ রান। হারাতে হয়েছে ৮ উইকেট। তবে ৮ উইকেট হারিয়েও তৃতীয় দিন শেষে আফগানরা এগিয়ে আছে ৩৭৪ রান।  বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শেষ করতে হয়েছে বিকেল ৪টা ৪০ মিনিটে। আবহাওয়া ভালো থাকলে চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ৯টা ৪০ মিনিটে, হবে ৯৫ ওভার।

আফগানদের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ইহসানউল্লাহকে (৪) ফেরান সাকিব। প্রথম ইনিংসে শতক হাঁকানো রহমত শাহকেও (০) প্রথম বলেই ফিরিয়ে দেন সাকিব। তবে হ্যাটট্রিকের সম্ভবনা থাকলেও শেষ পর্যন্ত আর হ্যাটট্রিক করা হয়নি সাকিবের। এরপর ১২ রান করে হাসমাতুল্লাহ শাহিদী শিকার হন নাঈম হাসানের।

দলীয় ১৭১ রানে ইব্রাহিম আউট হলে উইকেটে আসেন মোহাম্মদ নবী। এরপর আফসারের সাথে জুটি গড়ার চেষ্টা করলে তাকে ফিরিয়ে দেন মিরাজ। এরপর অধিনায়ক রশিদ খান ছয়টি বাউন্ডারিতে ২৪ রান করেন আর তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর সাকিব ফিরিয়ে দেন ১৪ রান করা কায়েস আহমেদকে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে দুই উইকেট হারিয়ে ফেলা আফগানদের আরও চাপে ফেলেন নাঈম হাসান। স্কোরবোর্ডে ২৮ রান যোগ হওয়ার পর তৃতীয় উইকেট হারায় আফগানরা। একশ রানের জুটি গড়ে আফগানদের হাল ধরেন ইব্রাহিম জাদরান এবং আসগর আফগান। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। অর্ধ শতক করা আসগর আফগানকে ফেরান এই বাঁহাতি স্পিনার।

আইনিউজ/এইচএ
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়