ঢাকা, শুক্রবার ১০ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:০২, ৭ সেপ্টেম্বর ২০২১

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ৯২ কর্মকর্তা

প্রশাসনে ৯২ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও ৩ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। সবমিলিয়ে পদোন্নতি পেয়েছেন মোট ৯২ জন কর্মকর্তা।

এসব কর্মকর্তা তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ৪১৬ জন। নতুন করে ৯২ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৮ জনে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য যুগ্মসচিব পদ মর্যাদার তিন শতাধিক কর্মকর্তাকে বিবেচনায় নেয় মন্ত্রণালয়। এর মধ্যে ৯২ জনকে পদোন্নতি দেওয়া হয়। বাকি দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি পাননি।

‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’-এ বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের যুগ্মসচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।

বিধিমালা অনুযায়ী, মূল্যায়ন নম্বরের অন্তত ৮৫ নম্বর পেতে হবে। যুগ্মসচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্মসচিব পদে কমপক্ষে দুই বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

সর্বশেষ গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়