ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:৫৭, ৯ সেপ্টেম্বর ২০২১

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব হোসেন

খন্দকার মাহবুব হোসেন

খন্দকার মাহবুব হোসেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অবস্থা সংকটাপন্ন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে তার জুনিয়র অ্যাডভোকেট মো. মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, চিকিৎসক বলেছেন, খন্দকার মাহবুব হোসেনের কিডনি, ব্রেনসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে না।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে খন্দকার মাহবুব হোসেনের তিন সন্তান দেশে এসেছেন। স্ত্রী ড. ফারহাত হোসেন হাসপাতালে অবস্থান করছেন। খন্দকার মাহবুব হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এ হাসপাতালে ভর্তি করা হয়।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী।

চারবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন খন্দকার মাহবুব হোসেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ