নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৯, ১০ সেপ্টেম্বর ২০২১
‘রাজনৈতিক নেতাকর্মীদের চাকর-বাকরের গুণাবলিও নেই’
বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য- ‘রাজনৈতিক নেতা–কর্মীদের চাকর-বাকরের গুণাবলিও নেই।’ অবশ্য এটি বলার আগে জাফরুল্লাহ ‘চাকর-বাকরের’ কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৭ সেপ্টেম্বর জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, বেচারা বাড়ির চাকর-বাকরের মতো আছে।
সেই বক্তব্যের সূত্র ধরে শুক্রবার জাফরুল্লাহ বলেন, ‘আমার সাম্প্রতিক কিছু বক্তব্যে আমার রাজনৈতিক স্নেহাস্পদ ব্যক্তিরা মনঃক্ষুণ্ন হয়েছেন, কষ্ট পেয়েছেন। তাদের চাকর-বাকরের সঙ্গে তুলনা করেছি। আমি চাকর-বাকরের কাছে ক্ষমা চাইছি। এ রাজনৈতিক কর্মীদের চাকর-বাকরের গুণাবলিও নেই। তাদের না কবজিতে জোর আছে, না মাথা ঘোরানোর অধিকার আছে। বাড়িতে চাকর-বাকরকে যেভাবে ইচ্ছা অত্যাচার করেন, একসময় ঘাড় ত্যাড়া করে বলে যে “থাকুক আপনার চাকরি, বাড়ি চইলা গেলাম।” এই রাজনৈতিক কর্মীদের একজনেরও তা নেই। চাকর-বাকর ভাইয়েরা, আপনাদের আমি ছোট করেছি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
জাফরুল্লাহ বলেন, ‘আমি তারেক রহমানের জায়গায় জাইমা রহমানকে ক্ষমতা দিতে বলিনি। বলেছি, তাকে (জাইমা) রাজনীতি শিখতে দিন, রাজপথে আসতে বলেন। রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে রাজপথে হাঁটতে হয়। অনেকে আমার কথায় কষ্ট পেয়েছেন বলে দুঃখিত। আমার বয়স হয়েছে, এটা একদম সঠিক। কিন্তু কথায় কথায় আমাকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় না। কারণ আমার সততা ও সাহস। আমি জনগণের পক্ষের লোক, আমার অন্য কেউ নেই।’
সুপ্রিম কোর্টের বিচারপতিদের উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মাননীয় বিচারপতিগণ, কোন বইতে কার বক্তৃতা পড়ানো হবে, সেই সিদ্ধান্ত দেওয়া কি আপনাদের কাজ? তাহলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কেন রাখা হয়েছে? অথচ ছানি অপারেশনের জন্য যে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা নেওয়া হয়, তা নিয়ে কথা বলেন না। ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ২৬ জন এখনো জেলে আছেন; একটা সুয়োমোটো দিতে পারেন না?’
জাফরুল্লাহ আরও বলেন, ‘বর্তমান সরকার আবার ভয়ানক চক্রান্ত শুরু করেছে। গণতন্ত্রকে হত্যা করে ভোটকে নতুন পদ্ধতিতে সর্বস্বান্ত করতে চাইছে। এখন সজাগ না হলে, বুদ্ধিজীবীদের সবাইকে সংগঠিত না করা হলে গণতন্ত্রের কবর তো হচ্ছেই, মাফিয়া রাষ্ট্রেরও জন্ম হচ্ছে। আমরা কেউ শান্তিতে থাকতে পারব না। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদের রাস্তায় থাকতে হবে। দেশে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল বলেন, যারা ভোটের অধিকার কেড়ে নেয়, তারা মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় শত্রু।
আইনিউজ/এসডি
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























