ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২১, ১৫ অক্টোবর ২০২১
আপডেট: ২০:৪২, ১৫ অক্টোবর ২০২১

দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন স্বপ্ন তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ অক্টোবর) নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

‘আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে- এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ। কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।

বিএনপি আবারো তাদের সেই পুরনো রূপে ফিরে এসেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে এবং সহযোগিতা করছে।

যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, এটা প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধীদল বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়