ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪১, ২৭ অক্টোবর ২০২১

ফেরি দুর্ঘটনায় সাত সদস্যের কমিটি গঠন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনা তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ফেরি দুর্ঘটনার বিষয়ে সার্বিক ফেরি ব্যবস্থাপনার দিকটি অনুসন্ধান ও ফেরি সেবার মানউন্নয়নের বিষয়ও দিক নির্দেশনা দিতে তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদ, বিআইডব্লিউটিএ’র পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ও এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, স্থানীয় সরকারের মানিকগঞ্জ জেলার উপ-পরিচালক, বুয়েটের নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জুবায়ের ইবনে আউয়াল, নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার জসিম উদ্দিন এবং বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলাম।

কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে নয়টায় পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ঘাটে ১৯টি গাড়ি নিয়ে পানিতে একাংশ ডুবে যায় রো রো আমানত শাহ নামে একটি ফেরি।

বিস্তারিত আইনিউজের ভিডিও-

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে কয়েকটি গাড়ি নামার পরপরই এক পাশ কাত হয়ে যায় ফেরিটি।

এরপর ১৯টি গাড়ি পদ্মায় পড়ে যায় বলে তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

পদ্মায় পড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে বেশিরভাগ ট্রাক ছিল। ছিল কয়েকটি ছোট গাড়িও। তবে কোনো বাস ছিল না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফেরিটি ডোবার সময় অধিকাংশ যানের যাত্রী লাফিয়ে পড়েন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ