ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২২

শহীদ মিনারে একসঙ্গে পাঁচজনের বেশি নয়

করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংগঠন পর্যায়ে সর্বোচ্চ ৫ ও ব্যক্তি পর্যায়ে দুই জন একসঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।  

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, চলমান করোনা মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়াতে গত বছরের ন্যায় এ বছরও সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২ জন একসঙ্গে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এ ক্ষেত্রে সকলকে অবশ্যই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা  সকলকে করোনা টিকা সনদ সঙ্গে রাখতে হবে।

আরও পড়ুন-করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত ২৫৮৪ 

উপাচার্য আরও বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় ৩ ফুট পর পর চিহ্ন থাকবে। এই চিহ্ন অনুসরণ করে সবাই পর্যায়ক্রমে শহীদ মিনারে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। এক্ষেত্রে যথাযথভাবে রুট ম্যাপ অনুসরণ করতে হবে। এছাড়া বিভিন্ন প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা হ্যান্ড মাইক দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে প্রচারণা চালাবেন। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও তারা মনিটর করবেন। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন উপাচার্য।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ্, যুগ্ম-সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম-সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়