Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ২৯ ডিসেম্বর ২০২৫

কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে কৃষকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার হাতে ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দেওয়ায় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “তারা আবারও আমাকে এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। জনগণের সেবায় কাজ করার একটি সুযোগ আমি পেয়েছি। যদি জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করব।”

মির্জা ফখরুল বলেন, তিনি এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, সামাজিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, আর্থসামাজিক অবস্থা শক্তিশালী করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে উদ্যোগ নেবেন।

মনোনয়নপত্র জমা শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

এ সময় ঠাকুরগাঁওবাসীর প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, “আগে যেভাবে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেইভাবে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন বলে আমি আশা করি।”

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়