ঢাকা, সোমবার   ০১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ১ জুন ২০২৬

সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ

সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও তাঁর পরিবারের সদস্যরা গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন জানান, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে অবদান এবং মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়