আলমগীর শাহরিয়ার
আওয়ামী লীগের অস্তিত্বে নির্ভর করছে বাঙালির আত্মপরিচয়ের ভবিষ্যৎ
আলমগীর শাহরিয়ার
সাতাত্তর বছর একজন মানুষের জীবনে বার্ধক্য কাল। ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের ফারাক আছে। তবু ব্যক্তির সংঘবদ্ধ স্বরূপই প্রতিষ্ঠান। উপমহাদেশের ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগ কী সাতাত্তুরে সেই বার্ধক্যে উপনীত? রোগ, ব্যাধি, জরা যাকে আঁকড়ে ধরেছে? খরস্রোতা, স্রোতস্বিনী নদীতে পলি পড়ে চর জেগেছে? তিলোত্তমা শহর জঞ্জালে ভরে গেছে? প্রকৃতির ন্যায় শীতের পত্রপল্লবশূন্য রুক্ষ বৃক্ষদের বেদনা ও জীর্ণতা শেষে বসন্তের আগমনী বার্তা জরুরি।
কেননা আওয়ামী লীগের অস্তিত্বের উপর নির্ভর করছে বাঙালির সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ ও আত্মপরিচয়ের ভবিষ্যৎ। জুলাই-উত্তর রাজাকাররা প্রমাণ করেছে—মুক্তিযুদ্ধে অর্জিত দেশটির অস্তিত্বের জন্য আওয়ামী লীগই অবিকল্প দল। এক নাগাড়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় বাংলাদেশে বহু চমকপ্রদ ভৌত অবকাঠামোগত উন্নয়ন হয়েছে যেমন সত্য তেমনি দলটি যারপরনাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দূষণেরও শিকার হয়েছে। এই দুর্বৃত্তায়ন ও দূষণ দূর করে জ্ঞান চর্চা, প্রজ্ঞা, রাজনৈতিক বোধে সম্পন্ন নেতাকর্মীর সম্মিলন ও জনগণের হৃদ স্পন্দনে ঘুরে দাঁড়ানো জরুরি—একদা বাঙালির আত্মপরিচয়, স্বপ্ন, সংগ্রাম, জন্মযুদ্ধের প্রতীক হয়ে ওঠা দলটির।
দল হিসেবে আওয়ামী লীগের ইতিহাস আর আধুনিক বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন। খেয়াল করবার মত বিষয় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনুষ্ঠানিক উদযাপন নেই, আড়ম্বর নেই। গুপ্ত কর্মীর মেকি বঙ্গবন্ধু বন্দনা নেই, অযথা যত্রতত্র মাইক বাজিয়ে জাতির পিতার মহাকাব্যিক ভাষণকে বিরক্তিকর কিংবা খেলো করে ফেলার অপপ্রয়াস নেই, ফটোসেশনের তোড়জোড় নেই বরং সর্বত্র শত্রুর রক্তচক্ষু আছে। শত্রুর সজাগ, সতর্ক ও সন্ত্রস্ত চোখ বলে দেয় কতোটা গভীরে প্রোথিত দলটির শেকড়।
আওয়ামী লীগের নেতাকর্মীদের খুব সাময়িক রাজনৈতিক এই বিরতিতে আছে উপলব্ধি বা বোধোদয়ের এক দারুণ মাহেন্দ্রক্ষণ। তৃণমূল থেকে কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মসংশোধন ও বোধোদয় খুব জরুরি। জনগণের ভোট, ভাত ও গণতান্ত্রিক অধিকার ও সংগ্রামের ভিত্তিভূমিতে প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগের জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হলে সেটা সময়ের নিরিখে গোছানো জরুরি। সেটা শুধু দলের ঘুরে দাঁড়ানোর স্বার্থে নয়, জুলাই-উত্তর ক্রমে শকুন ও শেয়ালের খাদ্য হয়ে ওঠা মুক্তিযুদ্ধের বাংলাদেশের হৃদয় রক্ষার স্বার্থে।
আলমগীর শাহরিয়ার, যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক
ইএন/এসএ
- বাংলাদেশে শিশু শ্রম: কারণ ও করণীয়
- পনেরো আগস্ট পরবর্তী রাজনৈতিক দ্বন্ধ
মোশতাক বললেও মন্ত্রীদের কেউ সেদিন বঙ্গবন্ধুর লাশের সঙ্গে যায়নি! - ২০২৩ সালে কী সত্যিই ভয়াবহ দুর্ভিক্ষ আসছে?
- করোনা যেভাবে চিকিৎসকদের শ্রেণীচ্যুত করলো
- চতুর্থ শিল্প বিপ্লবের সমস্যা এবং সম্ভাবনা
- ফিলিস্তিনে প্রাণ হারাচ্ছেন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর স্থানান্তরকরণ ও ভবিষ্যৎ
- শরীফার গল্প পড়তে আমাদের এতো কেন সমস্যা?
- মহান মুক্তিযুদ্ধে বিদেশী গণমাধ্যমের ভূমিকা
- রেমডেসিভির একটি অপ্রমাণিত ট্রায়াল ড্রাগ
























