ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১

আইসিইউতে ডা. অন্তরা, জানানো হয়নি স্বামীর মৃত্যুর খবর

ডা. ইমরান খান রুমেল ও ডা. শারমিন আক্তার অন্তরা

ডা. ইমরান খান রুমেল ও ডা. শারমিন আক্তার অন্তরা

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশীদপুর এলাকায় দুই বাসের সংঘর্ষে আহত ডা. শারমিন আক্তার অন্তরার (২৯) আইসিইউতে আছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডা. অন্তরার অস্ত্রোপচার সম্পন্ন হয়। একই রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। জানা গেছে, তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

সিলেট এমএজি ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) চিকিৎসক ডা. সোহেল আহমদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ডা. অন্তরা সকালে মুখে খাওয়া-দাওয়া করেছেন। তিনি সুস্থ রয়েছেন। তবে বার-বার স্বামীর খোঁজ করছেন।

উল্লেখ্য, শুক্রবারের সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডা. অন্তরার স্বামী ডা. ইমরান খান রুমেল। স্ত্রীকে ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেয়ানোর জন্যই ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু এনা পরিবহন আর লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ডা. রুমেল।

ডা. রুমেলের মৃত্যুর খবর এখনও স্ত্রী অন্তরাকে জানানো হয়নি। তাকে বলা হচ্ছে তার স্বামী অন্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে ধারণা করা হচ্ছে ডা. অন্তরা বিষয়টি আঁচ করতে পেরেছেন। কেননা তিনি বলছেন “আমি সব জানি”।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার সময় তিনজন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর এক নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ১৮ জনের মধ্যে দুই নারীকে তাদের স্বজনরা গতকালই ঢাকায় নিয়ে গেছেন। তারা দুইজন ঢাকার বাসিন্দা এবং তাদের কোমরসহ বিভিন্ন জায়গায় একাধিক ভাঙা ও গুরুতর জখম রয়েছে বলে জানিয়েছে ওসমানী মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবারের এ দুর্ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন  দক্ষিণ সুরমা থানার উপ পরিদর্শক এসআই লোকমান হোসেন। মামলায় আসামি করা হয়েছে বাস দুইটির চালককে। যদিও তারা দুর্ঘটনায় নিহত হয়েছেন।

দক্ষিণ সুরমার রশিদপুরে সড়ক দুর্ঘটনায় পরা বাসগুলো হলো সিলেটগামী লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১)।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

এনা-লন্ডন এক্সপ্রেস সংঘর্ষ: নিহত বেড়ে ৮

বিসিএস পরীক্ষার্থী স্ত্রীকে নিয়ে ঢাকায় যাওয়া হলো না ডা. রুমেলের

বার বার অন্য গাড়িকে ওভারটেক করছিলেন লন্ডন এক্সপ্রেসের চালক

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়