ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ৩০ মে ২০২১
আপডেট: ১৯:৪৩, ৩০ মে ২০২১

ভূমিকম্পের আতঙ্কের মাঝেই ছড়ালো ‘শেভরনের মাইন বিস্ফোরণের’ গুজব

একদিনে কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। এমন অবস্থায় আতঙ্কে আছেন নগরবাসী। তার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যাতে বলা হয়েছে- 'সিলেটে দফায় দফায় ভূমিকম্প হয়নি বরং শেভরনের মাইন বিস্ফোরণের কারণেই এমন কম্পন অনুভূত হয়েছে' । শুধু তাই নয়, এমন বিস্ফোরণ ঘটানোর কারণে রোববার কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য নগর ভবনে ডেকেছেন সিসিক মেয়র।

ভাইরাল হওয়া এই তথ্যটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে নিয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল কোম্পানি শেভরন।

রোববার (৩০ মে) দুপুরে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান।

ভাইরাল হওয়া পোস্ট

“আমরা সবাই জানি আজকে সিলেটে পাঁচ অথবা  সাত বার ভূমিকম্প হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে একবারও ভূমিকম্প হয়নি, যে কম্পনটুকু হয়েছে সেটা হল সিলেটস্থ শেভরন কোম্পানি তাদের নিজ এরিয়ায় মাইন বিস্পোরণ ঘটিয়েছে কূপ খননের জন্য, এ বিস্পোরণের সময় সারা সিলেট শহরে কেঁপে উঠেছে, আবহাওয়া অফিস ও ইলেকট্রনিক মিডিয়া তা না জেনে এটাকে ভূমিকম্প হিসেবে প্রকাশ করছে, কোন পূর্ব ঘোষণা ছাড়া শেভরন উক্ত বিস্পোরণ ঘটানোর কারণে আগামীকাল তাদের কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য ডাকা হয়েছে নগর ভবনে, জাতি আগামীকালই (রোববার) বিস্তারিত জানতে পারবে।”

এ বিষয়ে শেভরনের পক্ষ থেকে এক বার্তায় রোববার জানানো হয়, গতকাল শনিবার সিলেটে দফায় দফায় যে ভূ-কম্পন অনুভূত হয়েছে এতে সিলেটে শেভরন পরিচালিত গ্যাস ফিল্ডের অভ্যন্তরেও কম্পন অনুভূত হয়েছে।

তারা আরও জানায়, শেভরন নিশ্চিত করছে সিলেটে গতকাল যে কাঁপুনি অনুভূত হয়েছিল সেগুলির সাথে উত্তর-পূর্ব বাংলাদেশে শেভরন পরিচালিত তিনটি গ্যাসক্ষেত্রের কোন সম্পৃক্ততা নেই। এছাড়া ভূমিকম্পের মতো প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া দুর্যোগগুলোর জন্য শেভরনের জরুরীভাবে প্রস্তুত রয়েছে। এদিকে শেভরনের অভ্যন্তরে ভূমিকম্পের প্রস্তুতি এবং প্রশিক্ষণ তাদের প্রোটোকলের নিয়মিত অংশ।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শেভরনকে ডাকার প্রশ্নেই উঠে না। কারণ আমাদের আবহাওয়া অধিদপ্তর ও বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন ভূমিকম্প জৈন্তাপুর থেকে উৎপত্তি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে বিষয়গুলো দেখে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ শেভরন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা সুস্পষ্টভাবে জানিয়েছেন তাদের এখানে এই ধরণে কোনো কিছু হয়নি। এটা সত্য নয়।

সিসিক মেয়র বলেন, কোনো কিছু না যেনে, সত্যতা নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ছড়িয়ে দিয়ে মানুষকে আতঙ্কিত করে থাকেন তাদের ব্যাপারে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে। এসব গুজব তৈরি করা থেকে বিরত থাকুন।

তবে 'শেভরনের মাইন বিস্ফোরণের' পোস্টদাতা  দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি।

উল্লেখ্য, শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট অঞ্চলে পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার ভোরে ফের মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন ভোর ৪টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়