ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৪, ১২ জুন ২০২১
আপডেট: ২৩:৫২, ১২ জুন ২০২১

সিগন্যাল অমান্য করার সময় বাধা দেওয়ায়

ট্রাফিক পুলিশ সার্জেন্টকে ধরে পিটিয়েছে ছাত্রলীগ নেতা

ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার সময় বাধা দেওয়ায় সিলেট নগরীতে এক ট্রাফিক সার্জেন্টকে পিটিয়েছে সৌরভ চৌধুরী নামের এক যুবক। সে নিজেকে ছাত্রলীগের নেতা বলেও দাবি করেছে। 

শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় ঘটনাটি ঘটে। সৌরভ সিলেটের টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে।

ঘটনার পর পুলিশ সৌরভকে আটক করে সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করছেন।

এ বিষয়ে ওসি এসএম আবু ফরহাদ জানান, শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন দুদিকের গাড়ি বন্ধ করে দুদিকের গাড়ি ছাড়েন। কিন্তু ছাত্রলীগ কর্মী সৌরভ সার্জেন্টের সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে জসিম বাধা দেন।

এসময় সৌরভ উত্তেজিত হয়ে বলেন, 'আমি ছাত্রলীগ করি, ফোন দিলে তোর অবস্থা বেহাল হবে।’ এ কথা বলে ট্রাফিক সার্জেন্টের দিকে তেড়ে গিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাফিক সার্জেন্ট জসিম আহত হন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ দ্রুত চৌহাট্টা পয়েন্টে গিয়ে সৌরভকে আটক করে থানায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট জসিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, সৌরভকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে জসিম উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়