ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

রুহুল ইসলাম হৃদয়, কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ১২ জুলাই ২০২১
আপডেট: ০০:২৬, ১৩ জুলাই ২০২১

কমলগঞ্জে প্রথম দিনে টিকা নিতে হাসপাতালে ভিড়

টিকা স্বল্পতায় কারণে দুই মাস বন্ধ থাকার পর রোববার বিকেলে নতুন করে সিনোফার্মের টিকা আসে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সোমবার (১২ জুলাই) সকাল থেকে উপজেলায় দ্বিতীয় দফায় টিকা নিতে ভিড় করেন মানুষজন। এদিন ৩০০ জন নারী-পুরুষ প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। তবে অতিরিক্ত মানুষের চাপ সামলাতে না পারায় পুলিশ সদস্যদের সহযোগিতা নেয় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বছর মার্চ মাসের শেষদিক থেকে করোনার নমুনা সংগ্রহ শুরু হলে গত ১৫ মাসে ১৫৭১ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছিলেন প্রায় ২৪০ জন। এদের সবাই বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। সেই সাথে প্রথম দফায় চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন ১৪ হাজার ৩৭২ জন। 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘টিকা না থাকায় টিকাদান কার্যক্রম প্রায় ২ মাস বন্ধ ছিল। সোমবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দফার টিকা প্রদান শুরু হয়। প্রথম দিনেই কমলগঞ্জে ৩০০ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে ১৭২ জন পুরুষ ও ১২৮ জন নারী রয়েছেন’। 

তিনি জানান, তাছাড়া যারা আগে নিবন্ধন করেও টিকা গ্রহণ করতে পারেননি তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। তার সাথে নতুন করে নিবন্ধিতরাও টিকা গ্রহণ করতে পারবেন। 

তিনি আরও জানান, তবে এখন শুধু প্রথম ডোজ দেওয়া হবে। এরপর পরবর্তী নির্ধারিত তারিখে সবাইকে ২য় ডোজের টিকা দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই, দেশে আগামীতে প্রচুর পরিমাণে টিকা আসছে বলেও তিনি জানান।’

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়