নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট: ১৮:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১
‘মানুষখেকো’ মহাসড়ক রশিদপুর, কাফনের কাপড় পরে বিক্ষোভ
রশিদপুর পয়েন্টে বিক্ষোভরত স্থানীয়রা। ছবি: আইনিউজ
সম্প্রতি যেন ‘মানুষখেকো’ মহাসড়কে পরিণত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর নামক স্থানটি। বার বার ঘটে দুর্ঘটনা, হয় প্রাণহানি। গেল দুই মাসেই এ স্থানে দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এছাড়া ছোটখাটো দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। এমন অবস্থায় গুলচত্বর তৈরি, সড়কে গতিরোধক নির্মাণসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রশিদপুর পয়েন্টে এ বিক্ষোভ করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে সড়কের উভয়পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। পরে নিজেদের পাঁচ দফা দাবি উত্থাপনের মধ্য দিয়ে বিক্ষোভ শেষ করেন তারা। এছাড়া এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
তাদের দাবিগুলো হলো- রশিদপুরে গোলচত্ত্বর ও স্প্রিডব্রেকার নির্মাণ, ট্রাফিক পুলিশ মোতায়েন, সড়কবাতি স্থাপন ও ডিভাইডারের মাধ্যমে পৃথক লেন সৃষ্টি ও দূরপাল্লার বাসে দুজন করে চালক দিয়ে গাড়ি চালানো।
বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মো. ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতেনের পরিচালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন জাতীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, বাচাঁও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ডা. বিভাংশু গুণ বিভু, চাউলধণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলতাব হোসেন, ডা. গিয়াস উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া প্রমুখ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন জাতীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, সিলেটের বিশ্বনাথ-ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার তিন উপজেলার সীমান্তবর্তী ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটছে। এ দুর্ঘটনারোধে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। এর ফলে লাশের সারি দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, বর্তমান সরকারের সময়ে সড়ক যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য- সড়ক দুর্ঘটনার কারণ চিহিৃত করে সড়ক দুর্ঘটনারোধে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। এ কারণে রশিদপুরসহ দেশের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে। আর এতে একেকটি পরিবারের স্বপ্ন তছনছ হয়ে যাচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা বন্ধে দ্রুত উদ্যোগ নিতে হবে।
এর আগে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় রশিদপুরে সিলেটমুখী লন্ডন এক্সপ্রেস ও ঢাকামুখী এনা পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালক ও চিকিৎসকসহ আটজনের প্রাণহানি ঘটে। এছাড়াও আহত হন আরও অন্তত ১৮ জন।
আইনিউজ/আরআর
আরও খবর-
আইসিইউতে ডা. অন্তরা, জানানো হয়নি স্বামীর মৃত্যুর খবর
বিসিএস পরীক্ষার্থী স্ত্রীকে নিয়ে ঢাকায় যাওয়া হলো না ডা. রুমেলের
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























