Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৫, ৭ মার্চ ২০২৬

মাটির নিচ থেকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় এক তেল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে এই ডিজেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

প্রশাসন সূত্রে জানা যায়, পৌর শহরের থানার মোড় এলাকার তেল ব্যবসায়ী রুবেল হোসেন (৩৪) প্রায় তিন কিলোমিটার দূরে নিংগইন এলাকার একটি বাঁশঝাড়ে মাটি খুঁড়ে পানির ট্যাংকের মধ্যে বিপুল পরিমাণ ডিজেল লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ট্যাংকে সংরক্ষিত প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জ্বালানি তেল সংরক্ষণে নির্ধারিত নিয়ম না মানায় ভ্রাম্যমাণ আদালত রুবেল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি উদ্ধার করা তেল দুই দিনের মধ্যে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

একই সময়ে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করেন নাটোর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, মনিটরিং চলাকালে নিংগইন এলাকায় অবৈধভাবে তেল মজুতের তথ্য পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেখা যায়, খোলা জায়গায় মাটি খুঁড়ে পানির ট্যাংকের মধ্যে তেল সংরক্ষণ করা হয়েছে, যা আইনসম্মত নয়। এ কারণে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, একই দিনে উপজেলার চারটি তেল পাম্প ও খুচরা তেল বিক্রেতার দোকানে অভিযান চালিয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্ক করা হয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়