ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ১৮ মার্চ ২০২৬

স্ত্রীকে নিয়ে আর ফেরা হলো না, দুই লঞ্চের চাপায় প্রাণ গেল যাত্রীর

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাট এলাকায় দুই লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সোহেল। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। স্ত্রী রুবাকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে লঞ্চে উঠছিলেন। দুর্ঘটনায় রুবা গুরুতর আহত হন। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চ সদরঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছিল। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা লঞ্চটির পাশে ভিড়িয়ে যাত্রী ওঠানামা করছিল। ঠিক তখনই পেছন থেকে ‘জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চ ধাক্কা দিলে দুটি লঞ্চের মাঝখানে পড়ে যায় নৌকাটি। এতে চাপায় পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহেল এবং গুরুতর আহত হন তার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লঞ্চ ঘাট ছাড়ার জন্য পেছাতে শুরু করলে দুই লঞ্চের মাঝে পড়ে যায় নৌকাটি। এতে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেকজন পিষ্ট হয়ে পানিতে পড়ে যান।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, স্থানীয়দের মাধ্যমে দুজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়