ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

প্রকাশিত: ০৭:২০, ৩ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:২০, ৩ সেপ্টেম্বর ২০১৯

রামুতে আগুনে পুড়ে দোকানের মালিক, কর্মচারীর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের ভেতরেই মালিক ও কর্মচারী মারা গেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

নিহতরা হলেন- উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৫) ও একই ইউনিয়নের শুকমনিয়া গ্রামের নুর কাদেরের ছেলে ও দোকানের কর্মচারী আনোয়ার হোসেন (১৫)।

বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, নিহত ফিরোজ আহমদের মুদির দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রামু এবং কক্সবাজার ফায়ার সার্ভিস এর দমকল কর্মীরা আড়াইটার দিকে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বাজারের ৫টি দোকান পুড়ে যায়। এসময় ফিরোজ আহমদের দোকানের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে ফিরোজ আহমদের মুদির দোকান, দিল মোহাম্মদের ওয়ার্কশপ, আবদুল করিমের চালের দোকান, মনির আহমদের চালের দোকান ও অধীর কর্মকারের কামারের দোকান রয়েছে।

খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, ওসি (তদন্ত) মিজানুর রহমান, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আবুল খায়ের জানান, ধারণা করা হচ্ছে দোকান মালিক ফিরোজ আহমদ ও দোকানের এক কর্মচারী দোকানের ভেতরে ছিলেন। অগ্নিকাণ্ডের পর থেকে তাদের হদিস না পাওয়ায় ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ওই দোকানে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ