Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, ফ্রান্স

প্রকাশিত: ১০:৫২, ২৩ ডিসেম্বর ২০২৫

ফ্রান্সে ইপিএস বিজয় উৎসব অনুষ্ঠিত

ফ্রান্সে ইপিএস বিজয় উৎসব ২০২৫ উদযাপন। ছবি: আই নিউজ

ফ্রান্সে ইপিএস বিজয় উৎসব ২০২৫ উদযাপন। ছবি: আই নিউজ

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইপিএস বিজয় উৎসব ২০২৫’। গত ২১ ডিসেম্বর (রোববার) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত হলরুমে উৎসবটি অনুষ্ঠিত হয়।

উৎসবকে কেন্দ্র করে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা ও পতাকা র‍্যালিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বাড়তি আকর্ষণ হিসেবে ছিল দেশীয় স্বাদের পিঠা উৎসব, যা উপস্থিত অতিথিদের মধ্যে বিশেষ আনন্দের সঞ্চার করে।

ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান স্থায়ী সদস্য এলান খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী মারূফ অমিত এবং স্থায়ী সদস্য তপন দাশ। অনুষ্ঠানে ফ্রান্সে বেড়ে ওঠা বিপুলসংখ্যক বাংলা বংশোদ্ভূত শিশু অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কবি মেরি হাওলাদার ও ফাতেমা তুজ জহুরা। সাংস্কৃতিক পর্বে প্যারিসের সুনামধন্য কণ্ঠশিল্পী সুমা দাশ, চয়ন বড়ুয়া ও গৌতম দাশ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। এছাড়াও উপস্থিত শিশুরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করে।

অনুষ্ঠানে ফ্রান্সপ্রবাসী রাজনীতিবিদ, কবি, লেখক-গবেষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজয়ের চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়