Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:২৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: জয়সওয়াল

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।

শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, ঘনিষ্ঠ ও বহুমাত্রিক। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

জয়সওয়াল জানান, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি শুভেচ্ছা চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন।

চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারতের সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

ভারত আশা করছে, নতুন সরকারের অধীনে বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, এ বিষয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ (অ্যাডভাইজরি) জারি করেছে ভারত সরকার এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়