Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ মার্চ ২০২৬,   চৈত্র ৭ ১৪৩২

আতিকুল ইসলাম

প্রকাশিত: ২৩:০৩, ২১ মার্চ ২০২৬

ব্রিটেনের কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গত শুক্রবার (২০ মার্চ) ব্রিটেনের কার্ডিফ শহরে যথাযথ ধর্মীয় মর্যাদায় ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। শহরের কার্ডিফ শাহজালাল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার এবং রিভারসাইড জালালিয়া মসজিদ ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান-এ মুসলিম কমিউনিটি একত্রিত হয়ে ঈদের জামাতে অংশ নেন।

শাহজালাল মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফিজ মাওলানা তৌহিদুল হক। অন্যদিকে জালালিয়া মসজিদে সকাল ৮টায় প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মোক্তাদির এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফিজ জালাল উদ্দিন।

ঈদের দিন কার্ডিফের প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এসময় কার্ডিফ শাহজালাল মসজিদের চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন ও ট্রেজারার রকিবুর রহমানসহ সংশ্লিষ্টরা এবং জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া ও ট্রেজারার সুমন আলীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

নামাজ শেষে উভয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এতে মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।

এদিকে কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাস্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি পরিহার করে মানুষকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দ বয়ে আনে। মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন, এই কামনা করেন তিনি। একই সঙ্গে বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য দোয়া করা, যুদ্ধ-সংঘাত বন্ধ হওয়া এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

পরিশেষে পবিত্র এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাংলাদেশের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়।

ইএন/এসএ

Green Tea
জনপ্রিয়