Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ২৪ মার্চ ২০২৬

অস্থায়ী নয়, পূর্ণাঙ্গ ও টেকসই যুদ্ধবিরতি চায় ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি- বিবিসি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি- বিবিসি

চলমান সংঘাত নিরসনে সাময়িকভাবে হামলা স্থগিত কোনো কার্যকর সমাধান নয়, এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটি বলছে, পরিস্থিতি শান্ত করতে হলে প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ও টেকসই যুদ্ধবিরতি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানের এই অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেন।

আলাপচারিতায় আরাগচি জানান, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ হিসেবে সবার জন্য উন্মুক্ত থাকবে এবং পণ্যবাহী জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেত্রে এই সুবিধা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনায় রাখা হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। বিষয়টি জানিয়েছে বিবিসি।

জবাবে ওয়াং ই বলেন, যুদ্ধের চেয়ে আলোচনাই সবসময় উত্তম পথ। তিনি সংঘাতে জড়িত সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে ‘প্রায় সব বিষয়ে’ ঐকমত্যে পৌঁছানো গেছে। ফ্লোরিডার পাম বিচে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের তিনি বলেন, কোনো চুক্তি করতে হলে যুদ্ধ বন্ধ থাকতে হবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে হবে।

এ বক্তব্যের কিছুক্ষণ আগে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত ঘোষণা করেন। তিনি জানান, ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’র কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরও আগে শনিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও স্থায়ী সমাধানের পথ এখনও অনিশ্চিত রয়ে গেছে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়