ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১ জুন ২০২১
আপডেট: ১৩:৩৮, ১ জুন ২০২১

বৃষ্টির দিনে সুস্বাদু ইলিশ পোলাও

সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়ার উপর নির্ভর করে আমাদের খাবারের চাহিদা বাড়ে। এমন বৃষ্টি মুখর দিনে ইলিশ পোলাওয়ের চাইতে মজার খাবার আর কিছু হতে পারে?

তাই এই বৃষ্টির দিনে ভোজন রসিক বাঙালির জন্য মনোমুগ্ধকর ইলিশ পোলাওয়ের রেসিপি দেওয়া হলো-

উপকরণ

পোলাও এর চাল ১ কেজি, ইলিশ মাছ ১৬ টুকরো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, টক দই ১ কাপ, লবণ স্বাদমত, দারচিনি ২ টুকরা, এলাচ ৪টি, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ স্লাইস আধা কাপ, পানি ৪ কাপ, কাঁচামরিচ ১০টি, চিনি ১ চা চামচ ও তেল আধা কাপ।

প্রস্তুত প্রণালি

দুটি বড় ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে মাঝের টুকরোগুলো নিন। এবার মাছে আদা, রসুন, লবণ ও টক দই মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
পাত্রে তেল গরম করে দারচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষান।

মসলা ভালো করে কষানো হলে মাছ দিয়ে কম আঁচে ১০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে চিনি ও ৪টি কাঁচামরিচ দিয়ে একবার মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল উঠলে নামিয়ে নিন। মাছ মশলা থেকে তুলে নিন।

অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ সোনালি করে ভেজে বেরেস্তা করে নিন। বেরেস্তা তুলে নিয়ে চাল দিয়ে নাড়ুন। মাছের মশলা দিয়ে চাল কিছুক্ষণ ভেজে পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিন।

পানি শুকিয়ে এলে মৃদু আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামান। একটি বড় পাত্রে পোলাও এর ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ১০ মিনিট ঢেকে রাখুন।

পরিবেশন করুন দারুণ মজার ইলিশ পোলাও।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ