ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৭, ৭ আগস্ট ২০২১
আপডেট: ০০:৩৭, ৮ আগস্ট ২০২১

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

যুবলীগের আইন সম্পাদক হতে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৭ আগস্ট) তাকে অব্যাহতি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।

গণমাধ্যমকে নিখিল জানিয়েছেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ব্যারিস্টার সুমনকে সংগঠন থেকে অব্যাহত দেওয়া হয়েছে।

দলটির একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দলীয় স্লোগান দেওয়া নিয়ে ফেসবুক লাইভ করেছিলেন এই আইনজীবী। বিষয়টি ভালোভাবে নেয়নি সংগঠন। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

যুবলীগ সূত্রে জানা গেছে, সম্প্রতি শেখ কামালের জন্মদিনে শরীয়তপুরের একজন ওসির দলীয় স্লোগান দেওয়া নিয়ে করা ফেসবুক লাইভের বিষয়টি ভালোভাবে নেয়নি সংগঠন। এই কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।

গত বছরের ১৪ নভেম্বর আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেই কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে জায়গা পান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সামাজিক নানা সমস্যা নিয়ে ফেসবুক লাইভ করে আলোচিত হন ব্যারিস্টার সুমন। ফেসবুকে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সরব থাকেন তিনি। এছাড়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি) মামলা করেও আলোচনায় আসেন সুমন।

সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সুমনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়