ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ২ অক্টোবর ২০২১

চীনের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ঢাকার চীনা দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী হাসিনা বলেন, এক হাজার বছরেরও বেশি সময় আগে আমাদের দুই দেশের জনগণ যোগাযোগ স্থাপন করেছিল। যা আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল।

তিনি আরো বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি তাৎপর্যপূর্ণ অংশীদার।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিং -এর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। এসময় দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। সে সফরে প্রেসিডেন্ট শি জিনপিং -এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থের বিষয়ে গভীর মতবিনিময় হয় এবং দুই নেতা ঐকমত্যে পৌঁছান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস, আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আরো জোরদার হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ